ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন সরকার ‘ডাবল ইঞ্জিন’ মডেলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি দ্রুত বুঝিয়ে দিতে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৪৫ দিনের মধ্যেই জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার এর আগেও পশ্চিমবঙ্গ সীমান্তে বিএসএফের জন্য জমি বরাদ্দ নিয়ে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার অভিযোগ করেছিলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় জমি দিতে গড়িমসি করা হয়েছে।
ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের দাবি, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।