🏠︎ » রাজনীতি » আপাতত শপথ নয়, অনিশ্চয়তায় আসলাম-সারোয়ার

আপাতত শপথ নয়, অনিশ্চয়তায় আসলাম-সারোয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলেও আপাতত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না বিএনপির দুই প্রার্থী আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীর। বৃহস্পতিবার (১৪ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।

আদালতের এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের নির্বাচনের ফলাফল আপাতত স্থগিতই থাকছে। ফলে শপথ গ্রহণের বিষয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে অংশ নেন এই দুই নেতা। নির্বাচনে তারা নিজ নিজ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন বলে জানা গেছে। তবে ঋণখেলাপির অভিযোগকে কেন্দ্র করে তাদের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়।

আসলাম চৌধুরীর মনোনয়নপত্র প্রথমে প্রশ্নের মুখে পড়লেও নির্বাচন কমিশনে আপিলের পর তা বৈধ ঘোষণা করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়। হাইকোর্ট রিট খারিজ করলেও পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করা হয়।

একই সঙ্গে জামায়াত সমর্থিত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে লিভ টু আপিল দায়ের করেন। এরপর আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখার বিরুদ্ধে আবেদন গ্রহণ করে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।

নির্বাচনে বিজয়ী হলেও আদালতের এই আদেশের কারণে এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হয়নি। ফলে সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণও করতে পারছেন না তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুই আসনের পরিস্থিতি অনিশ্চিতই থাকবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে ব্যাপক আলোচনা।

আরও পড়ুন

সর্বশেষ