🏠︎ » রাজনীতি » আদালতে টিকল না ইউনূস সরকারের তদন্তের দাবি

আদালতে টিকল না ইউনূস সরকারের তদন্তের দাবি

অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত রোববার (১৭ মে) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে রিট আবেদন করা হয়। ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, গত ১৮ মাসে দেশের বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে অর্থনীতি, স্বাস্থ্য ও প্রশাসনিক বিভিন্ন খাতের কর্মকাণ্ড নিয়ে তদন্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। তিনি বলেন, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার মতো পরিস্থিতি সৃষ্টি না হয়।

অন্যদিকে রিটকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাওয়া হয়েছে। তদন্তের পদ্ধতি ও কাঠামো সরকার নির্ধারণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে অ্যাটর্নি জেনারেল আদালতে জানান, বিষয়টি নিয়ে সরকারের নির্দেশনা নেওয়ার প্রয়োজন রয়েছে। পরে আদালত রিট আবেদন খারিজ করে আদেশ দেন।

রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচিত এ রিট খারিজের ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ আদেশ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

আরও পড়ুন

সর্বশেষ