বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » মতামত » বারহাট্টায় শিশু তুবা হত্যার ঘটনায় এখনো অধরা আসামি, মানববন্ধনে তীব্র ক্ষোভ

বারহাট্টায় শিশু তুবা হত্যার ঘটনায় এখনো  অধরা আসামি, মানববন্ধনে তীব্র ক্ষোভ

বারহাট্টায় শিশু তুবা হত্যার ঘটনায় এখনো অধরা আসামি, মানববন্ধনে তীব্র ক্ষোভ

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় শিশু তাহিয়া তানজিন তুবা (৯) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) উপজেলার আটপাড়া মোড়ে স্থানীয় সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

নিহত তুবা বারহাট্টার বিক্রমশ্রী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এই হত্যাকান্ডের ঘটনায় এক মাসেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, অভিভাবক, সুধীজন ও সাধারণ মানুষ সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন শিশুটির বাবা রফিকুল ইসলাম, মা চিনি আক্তারসহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা বলেন, এমন নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে বিক্রমশ্রী গ্রামে নিজ বাড়ি থেকে অটোরিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে তুবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পরদিন ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে চিকিৎসক ধারণা দেন, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্নও ছিল। ঘটনার পরদিন ৭ মার্চ শিশুটির বাবা রফিকুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ওই হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

আরও পড়ুন

সর্বশেষ