🏠︎ » বাংলাদেশ » রাজধানী » রামিসাকে ঘিরে ফের উত্তপ্ত মিরপুর বাড়ছে উত্তেজনা

রামিসাকে ঘিরে ফের উত্তপ্ত মিরপুর বাড়ছে উত্তেজনা

রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ফের উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। ঘটনার বিচার দাবিতে শুক্রবার (২২ মে) সকাল থেকেই মিরপুর ও পল্লবীর বিভিন্ন সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’ এবং ‘অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই’ এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

স্থানীয়দের অভিযোগ, দেশে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই শিশু নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, “একটি নিষ্পাপ শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত বিচার ও অপরাধীদের ফাঁসি চাই।”

এর আগে বৃহস্পতিবার রাতেও মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে কয়েক ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। বিক্ষোভকারীরা রামিসার পরিবারের প্রতি সংহতি জানিয়ে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

জানা গেছে, গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সোহেল রানা। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মামলার তদন্ত চলছে।

এদিকে রামিসার পরিবার ও স্থানীয়রা বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত ও কার্যকর বিচার ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন

সর্বশেষ