রাজধানী ঢাকায় বিদ্যুতের ওপর বাড়তি চাপ কমাতে প্রতিটি বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই নতুন নীতিমালা জারি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ মে) Bangladesh-China Friendship Exhibition Center-এ আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জামবিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও টেকসই ও স্থিতিশীল করতে সৌরবিদ্যুৎ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী জুনের মধ্যেই সরকারি আদেশের মাধ্যমে নীতিমালা প্রণয়ন করা হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন কার্যকর পরিকল্পনা ও নেতৃত্বের অভাবে দেশে বড় পরিসরে সৌরবিদ্যুতের বিস্তার ঘটেনি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্য সৌর ও বায়ু শক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে।
ইকবাল হাসান মাহমুদ জানান, সরকার বর্তমানে বিদ্যুতের দাম বাড়ায়নি। বরং বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি করে বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করছে।