🏠︎ » বাংলাদেশ » বাংলাদেশে ক্যানসার হাসপাতাল নির্মাণে জাপানের সহায়তা চাইলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশে ক্যানসার হাসপাতাল নির্মাণে জাপানের সহায়তা চাইলেন ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে উন্নত ক্যানসার চিকিৎসার অভাবে অসংখ্য রোগীকে বিদেশে যেতে হচ্ছে। তাই বাংলাদেশে আধুনিক ক্যানসার হাসপাতাল ও ইনস্টিটিউট নির্মাণে জাপান-এর সহায়তা চেয়েছেন তিনি।

শনিবার (৯ মে) জাপান সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিপুল সংখ্যক ক্যানসার রোগী থাকলেও উন্নত ও দক্ষ চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে। বর্তমানে যেসব বিশেষায়িত ক্যানসার হাসপাতাল আছে, সেগুলোর সক্ষমতা পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অনেক রোগী বাধ্য হয়ে বিদেশে চিকিৎসা নিতে যান। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই, তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান। এ বাস্তবতায় জাপানকে বাংলাদেশে একটি আধুনিক ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতাল গড়ে তুলতে আহ্বান জানানো হয়েছে।

বর্তমান সংসদ সম্পর্কে জাপানের ইতিবাচক মূল্যায়নের কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, সরকার ও বিরোধী দল উভয়েই সংসদে সমালোচনা ও সহযোগিতার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখছে, যা জাপানের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে।

সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধাদের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বলেন, বর্তমানে ব্যাংকক-এ চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন জুলাই যোদ্ধা। মানবিক ও নৈতিক দায়িত্ববোধ থেকেই তিনি তাদের দেখতে গিয়েছিলেন।

তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ