বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » অন্যান্য » জুলাই থেকে সারাদেশে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু

জুলাই থেকে সারাদেশে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু

দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর আগামী জুলাই মাস থেকেই শুরু হচ্ছে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ কর্মসূচি। শিক্ষার্থীদের আর্থিক চাপ কমানো এবং শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে পাইলট প্রকল্প হিসেবে দেশের আটটি বিভাগের ২৫টি উপজেলা বা থানার ৩ হাজার ৫২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চালু হবে। প্রাথমিকভাবে প্রায় এক লাখ শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রী জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতও এতে যুক্ত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ ইতোমধ্যে এক লাখ শিক্ষার্থীর জন্য পোশাক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

মন্ত্রী আরও জানান, এটি একটি পরীক্ষামূলক কার্যক্রম। প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে ইবতেদায়ী মাদরাসা এবং এরপর ধাপে ধাপে বেসরকারি স্কুল ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে।প্রতিটি শিক্ষার্থী শুরুতে বছরে এক সেট করে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ পাবে। ভবিষ্যতে সক্ষমতা বাড়লে আরও বেশি সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

পোশাকের নকশা ও রঙ নিয়েও পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট ইউনিফর্ম থাকবে, যেখানে ছেলে ও মেয়েদের পোশাকে কিছু পার্থক্য রাখা হবে। ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা ডিজাইন নির্ধারণ করা হচ্ছে।এই কর্মসূচি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতি, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষা খাতে সরকারের এই নতুন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে দরিদ্র পরিবারের শিশুদের স্কুলে আসার আগ্রহ আরও বাড়বে এবং ঝরে পড়ার হার কমবে।

আরও পড়ুন

সর্বশেষ