🏠︎ » বাংলাদেশ » কোরবানির হাটে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ

কোরবানির হাটে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে দেখা মিলছে ব্যতিক্রমধর্মী নামের কোরবানির পশুর। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারের বিশাল আকৃতির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম নিয়ে ব্যাপক আলোচনায় এসেছে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, এটি এলভিনো জাতের মহিষ। গায়ের গোলাপি আভাযুক্ত সাদা রং এবং সামনের দিকের চুলের বিশেষ আকৃতির সঙ্গে মিল রেখেই মজার ছলে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামার সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নামটি ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকেই পশুটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে ইতোমধ্যে একজন ক্রেতা মহিষটি বুকিং দিয়ে রেখেছেন বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।

খামারের কর্মচারীরা জানান, মহিষটিকে বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে। নিয়মিত ঘাস, ভুট্টা ও ভুসিসহ পুষ্টিকর খাবার খাওয়ানো হয় তাকে।

স্থানীয়দের মতে, ঈদুল আজহাকে ঘিরে বড় আকৃতির পশুর পাশাপাশি ব্যতিক্রমী নামের পশুগুলোও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। প্রতিবছরই বিভিন্ন খামারে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা আলোচিত ব্যক্তিত্বদের নামে পশুর নাম রাখার প্রবণতা দেখা যায়, যা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করে।

আরও পড়ুন

সর্বশেষ