ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোথাও চাঁদাবাজির তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সড়কমন্ত্রী জানান, ঈদুল আজহাকে ঘিরে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রী ও পশুবাহী যান চলাচল নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট হয়েছে। গত ১৮ বছরে শরীয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, শরীয়তপুরের ওপর দিয়ে রেললাইন গেলেও সেখানে কোনো স্টেশন নেই। তবে ভবিষ্যতে সেখানে রেলস্টেশন নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, মেগা প্রকল্পের নামে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে কাজ হয়নি। ফলে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি চাপে রয়েছে। তবে সীমিত সম্পদ নিয়েও বর্তমান সরকার অগ্রাধিকারভিত্তিতে জনকল্যাণমূলক কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
বৃক্ষরোপণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও তদারকিও নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করেছেন এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।