🏠︎ » বাংলাদেশ » আন্তর্জাতিক নার্স দিবস আজ

আন্তর্জাতিক নার্স দিবস আজ

আজ ১২ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিবস উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”।

দিবসটি উপলক্ষে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর) বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে র‌্যালি বের হওয়ার কথা রয়েছে। এছাড়া দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর। সভাপতিত্ব করবেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সভাপতি জাহানারা পারভীন।

১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে তিনি নার্সিং পেশাকে নতুন মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈন্যদের সেবায় তার অবদান বিশ্বজুড়ে প্রশংসিত হয়। রাতভর হাতে বাতি নিয়ে আহত সৈন্যদের সেবা করার কারণে তিনি “দ্য লেডি উইথ দ্য ল্যাম্প” নামেও পরিচিতি পান।

বিশ্বে ১৯৬৫ সাল থেকে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে দিবসটি পালন শুরু হয় ১৯৭৪ সালে। বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে।

স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান স্মরণ করে বিশেষজ্ঞরা বলছেন, রোগীর সেবা, মানসিক সহায়তা ও জরুরি চিকিৎসা ব্যবস্থাপনায় নার্সরা স্বাস্থ্যখাতের অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন

সর্বশেষ