🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » বাড়িঘরে হামলা, দুর্গাপুরে আতঙ্কে পরিবার

বাড়িঘরে হামলা, দুর্গাপুরে আতঙ্কে পরিবার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ হামলা, হত্যাচেষ্টা এবং নারীর শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে গত ৯ এপ্রিল সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজের সময় উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি আপাতভাবে মীমাংসা হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়।

মামলার অভিযোগ অনুযায়ী, পরদিন সকালে অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধভাবে একটি পরিবারের ওপর হামলা চালায়। হামলায় উরমত আলী নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তার মাথায় একাধিকবার কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

হামলার সময় উরমত আলীর স্ত্রী হেলেনা খাতুন স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

গুরুতর আহত উরমত আলী, হেলেনা খাতুন ও আরও একজন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত উরমত আলী জানান, তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার চান।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। উচ্চ শব্দে গান বাজানোসহ বিভিন্ন কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

দুর্গাপুরের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এখন সবার নজর প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও ন্যায়বিচারের দিকে।

নেত্রকোণা জেলা প্রতিনিধি।

আরও পড়ুন

সর্বশেষ