🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » পাওনা টাকার ফাঁদে গৃহবধূ দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

পাওনা টাকার ফাঁদে গৃহবধূ দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পাওনা টাকার কথা বলে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. লিটন (৪০), ইউসুফ হোসেন ফারুক (৫৭) এবং মো. ইয়াসিন (২২)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা।

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারী দক্ষিণ কেরানীগঞ্জের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। কয়েকদিন আগে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে তিনি পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকার জামিনদার ছিলেন অভিযুক্ত লিটন।

বুধবার সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে কথা বলার অজুহাতে অভিযুক্তরা ওই গৃহবধূকে বাসা থেকে বাইরে নিয়ে যায়। পরে জোরপূর্বক মোটরসাইকেলে করে হাসনাবাদ এলাকার একটি নির্জন স্থানে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, সেখানে প্রথমে লিটন তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে অন্য দুই অভিযুক্তও পালাক্রমে নির্যাতনে অংশ নেয়। ঘটনার সময় আরও কয়েকজন সেখানে পাহারায় ছিল বলেও মামলায় দাবি করা হয়েছে।

ভুক্তভোগীর স্বামী জানান, ঘটনার পর বিষয়টি প্রকাশ করলে হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাতের দিকে তার স্ত্রীকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায় অভিযুক্তরা। বাসায় ফিরে পুরো ঘটনা জানালে থানায় মামলা দায়ের করা হয়।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা গ্রহণ করা হয়। পরে অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ