🏠︎ » বাংলাদেশ » অপরাধ » নেত্রকোণায় ৮ লাখ টাকার ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

নেত্রকোণায় ৮ লাখ টাকার ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

নেত্রকোণায় জুতার ভেতর লুকিয়ে ইয়াবা পাচার করে আসছিলো একটি চক্র। এবার জুতা ও ব্যাগে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে ধরা পড়েছে সেই চক্রের দুজন। সম্পর্কে তারা শালা-দুলাভাই। জব্দকৃত এসব ইয়াবার বাজারমূল্য ৮ লাখ টাকা।

রবিবার (২৪ মে) রাতে জেলার দুই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি (আতকাপাড়া) গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শফিকুল ইসলাম (২২) এবং একই ইউনিয়নের বন্দের বাড়ি এলাকার আব্দুল হেকিমের ছেলে সুজ্জল মিয়া (৩০)। তারা সম্পর্কে শালা-দুলাভাই।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে প্রথমে জেলা সদরের ইটাখলা বাজারের পাকা রাস্তা থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। এসময় তার পরিহিত জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যে পৌরশহরের বনুয়াপাড়া এলাকায় সুজ্জল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে খাটের তোষকের নিচে একটি ব্যাগে রাখা আরও ৬০০ পিস ইয়াবা পাওয়ার পর তাকে আটক করা হয়।

এই অভিযানে মোট ২ হাজার পিস ইয়াবা ছাড়াও এক জোড়া স্যান্ডেল, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নেত্রকোণা জেলা প্রতিনিধি।

আরও পড়ুন

সর্বশেষ