🏠︎ » বাংলাদেশ » অপরাধ » ঝিনাইদহে জুমার নামাজ শেষে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জুমার নামাজ শেষে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহ জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী-র সঙ্গে কথা বলতে এগিয়ে যান ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এ সময় হঠাৎ কয়েকজন যুবক পেছন দিক থেকে ডিম নিক্ষেপ করে এবং পরে হামলা চালায়। এতে এনসিপির স্থানীয় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং থানায় অবস্থান নিয়ে মামলার প্রস্তুতি শুরু করেন। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন।

এদিকে হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি দাবি করেন, জুমার নামাজ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে, যাতে কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ