রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে ‘গাজী চানাচুর’ লেখা প্যাকেটের ভেতর থেকে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে গজঘন্টা ইউনিয়নের হাবু বালার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নারী মোছা. বানু বেগম (৪৬) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব দাওয়াবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয় সূত্র জানায়, কালিগঞ্জ থেকে রংপুরগামী একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এসময় ইজিবাইকের পিছনের সিটে বসা বানু বেগমের হাতে থাকা একটি স্কুল ব্যাগ ও পাশে রাখা টিস্যু ব্যাগ সন্দেহজনক মনে হলে তা তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে স্কুল ব্যাগের ভেতরে থাকা ‘গাজী চানাচুর’ লেখা তিনটি পলিপ্যাকেট থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া টিস্যু ব্যাগে থাকা আরও দুটি পলিপ্যাকেটে পাওয়া যায় অতিরিক্ত ২ কেজি গাঁজা। প্রতিটি প্যাকেটে এক কেজি করে গাঁজা রাখা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ৫ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চালাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু জাফর।