বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
🏠︎ » প্রবাস » প্রবাসীদের অধিকার রক্ষায় ট্রাইব্যুনাল গঠনের জোর দাবি মনজিল মোরসেদের

প্রবাসীদের অধিকার রক্ষায় ট্রাইব্যুনাল গঠনের জোর দাবি মনজিল মোরসেদের

প্রবাসীদের অধিকার রক্ষা ও সমস্যার দ্রুত সমাধানে বিশেষ ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি মনজিল মোরসেদ। পর্তুগালের লিসবনে কাজা দো বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তুলে ধরেন।

মঙ্গলবার সন্ধ্যায় লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রনি হোসাইন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স)।

অনুষ্ঠানে কাজা দো বাংলাদেশের উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন, আব্দুল হাকিম মিনহাজ, ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদসহ বিভিন্ন কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

প্রবাসীদের অবদানের প্রতি রাষ্ট্রের মূল্যায়ন প্রয়োজন

বক্তব্যে মনজিল মোরসেদ বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের রেমিট্যান্স–নির্ভর অর্থনীতিকে টিকিয়ে রাখছেন। বিদেশে থেকেও তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। তাই তাদের অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।’

তিনি মনে করেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা যে ধরনের জটিলতা ও আইনি সমস্যার মুখোমুখি হন, তা সমাধানে বাংলাদেশে একটি বিশেষ ট্রাইব্যুনাল অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।

অধিকার রক্ষায় প্রবাসীদের ঐক্য জরুরি

অনুষ্ঠানে বক্তারা মনজিল মোরসেদের দীর্ঘদিনের জনস্বার্থ মামলা, পরিবেশ রক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে, দেশের মতো বিদেশেও প্রবাসীদের অধিকার সুরক্ষায় তিনি নেতৃত্ব দেবেন।

এইচআরপিবির পতাকাতলে ঐক্যের প্রতিশ্রুতি

আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’-এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি জানান।

প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল গঠনের এই দাবি নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং বাংলাদেশি অভিবাসীদের কাছে এটি ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

আরও পড়ুন

সর্বশেষ