কক্সবাজারের উখিয়া উপজেলার রেজুরকুল এলাকায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্র কৌশিক বড়ুয়া বাঁধন (১৩)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে রেজুখালের মোহনায় ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে বাঁধনের খোঁজ না পেয়ে তার পিতা পতন বড়ুয়া উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। পরে এক বন্ধু জানায়, তারা খালের মোহনায় বড়ই পাড়তে গিয়ে একপর্যায়ে বাঁধন পানিতে পড়ে যায়।
খবর ছড়িয়ে পড়লে সারারাত খালপাড়ে ভিড় করেন শত শত মানুষ। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা ধর্মীয় রীতিতে প্রার্থনা ও মন্ত্রপাঠ করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং বাঁধনের বন্ধুসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তানিম হোসেন ইমন
কক্সবাজার