মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য নিয়ে সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলদারের সাথে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে মনিরুজ্জামান আক্তার হাওলদারের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে এলোপাতারি কুপিয়ে হত্যা করা হয়, হাত বিচ্ছিন্ন করা হয়। বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আধিপত্য নিয়ে প্রায়ই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এর আগেও বেশ কয়েকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এসআর শফিক স্বপন. মাদারীপুর