বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভীড়

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভীড়

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি আর উৎসবের আমেজে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ঈদের পরদিন থেকেই পর্যটন নগরীতে শুরু হয়েছে মানুষের উপচে পড়া ভিড়, যা আজ আরও বিশাল আকার ধারণ করেছে। সৈকতের নীল জলরাশি আর বালুকাবেলায় এখন যেন শুধুই মানুষের মেলা।

সকাল থেকেই সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে পর্যটকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তপ্ত রোদ উপেক্ষা করেই হাজার হাজার পর্যটক মেতে উঠেছেন নোনা জলে স্নান আর আনন্দ উল্লাসে। কেউ ওয়াটার বাইকে করে ঢেউয়ের সাথে মিতালি করছেন, কেউ বা পরিবার-পরিজন নিয়ে স্মৃতির ফ্রেমে বন্দি করছেন আনন্দঘন মুহূর্তগুলো। কেবল মূল সৈকত নয়, পর্যটকদের উপচে পড়া ভিড় ছড়িয়ে পড়েছে হিমছড়ি, ইনানী ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকাগুলোতেও।

ঈদের এই ছুটিতে কক্সবাজারের সাড়ে চার শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে এখন তিল ধারণের ঠাঁই নেই। অধিকাংশ হোটেলের কক্ষ মাসখানেক আগেই বুকিং হয়ে যাওয়ায় অনেক পর্যটক সাময়িকভাবে আবাসন সংকটে পড়েছেন। শহরের পর্যটন জোনের সড়কগুলোতে পর্যটকবাহী যানবাহনের চাপে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।

দীর্ঘদিন পর এমন রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। সৈকত তীরের ঝিনুক মার্কেট, বার্মিজ শপ ও রেস্তোরাঁগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ফটোগ্রাফার, ঘোড় সওয়ারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, ঈদের ছুটিতে এমন ভিড় তাদের গত কয়েক মাসের ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে সাহায্য করবে।

পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সৈকতের প্রবেশপথ ও জনবহুল পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “পর্যটকদের জানমালের নিরাপত্তা এবং সাগরে নামার ক্ষেত্রে লাইফ গার্ডদের নির্দেশনা মানতে মাইকিং করা হচ্ছে। এছাড়া কোনো পর্যটক যাতে হয়রানির শিকার না হন, সেজন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চলছে।”
তবে ভিড়ের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী খাবার ও যানবাহনের অতিরিক্ত দাম রাখছেন বলে অভিযোগ করেছেন অনেক পর্যটক। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ