দ্বারপ্রান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে বড় রাজনৈতিক বাস্তবতার মুখে পড়েছে বিএনপি। বিভিন্ন আইনি জটিলতা ও আদালতের সিদ্ধান্তের কারণে আসন্ন নির্বাচনে মোট ১০টি আসনে দলটির প্রতীক ধানের শীষ থাকছে না।
এর মধ্যে কুমিল্লা ৪ ও কুমিল্লা ১০ আসন বিশেষভাবে আলোচনায় এসেছে। কুমিল্লা ৪ আসনে ঋণখেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্ট ও আপিল বিভাগে আবেদন করেও প্রার্থিতা ফিরে পাননি তিনি। ফলে এই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না।
একইভাবে কুমিল্লা ১০ আসনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল হয়। হাইকোর্ট ও পরবর্তীতে আপিল বিভাগ তার আবেদন খারিজ করায় এই আসনেও বিএনপি নির্বাচনের বাইরে চলে যায়। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ দুটি আবেদনই খারিজ করে দিলে বিষয়টি চূড়ান্ত হয়।
এই দুই আসন ছাড়াও আরও ৮টি আসনে বিএনপির প্রতীক না থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। পাশাপাশি রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে মিত্র দলগুলোকে ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে ৪টি আসন। বাকি আসনগুলো পেয়েছে গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং গণ অধিকার পরিষদ।
মিত্র দলগুলোর প্রার্থীরা নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। সিলেট ৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়া ২, নীলফামারী ১ ও নারায়ণগঞ্জ ৪ আসনেও দলটির নেতারা নির্বাচনে আছেন।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি (মাথাল) প্রতীক নিয়ে ভোটের মাঠে। ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক লড়ছেন (কোদাল) প্রতীকে। পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের প্রতীক (ট্রাক) , আর ভোলা ১ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নির্বাচন করছেন (গরুর গাড়ি) প্রতীক নিয়ে।
সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে অন্তত ১০টি আসনে বিএনপির পরিচিত প্রতীক (ধানের শীষ) না থাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচনের ফলাফলে এই পরিবর্তনের প্রভাব কতটা পড়ে, সেদিকেই এখন নজর সবার।