🏠︎ » রাজনীতি » শহিদ হাদিরের কবর জিয়ারত করবেন তারেক রহমান

শহিদ হাদিরের কবর জিয়ারত করবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একাধিক কর্মসূচি পালন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহিদ শরিফ ওসমান বিন হাদিরের কবর জিয়ারত করবেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ২৭ ডিসেম্বর তারেক রহমান প্রথমে ভোটার হওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর তিনি শেরেবাংলানগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করে জুলাই যোদ্ধাদের খোঁজখবর নেবেন।

একই দিনে তিনি শহিদ ওসমান বিন হাদিরের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করবেন। বিএনপি নেতারা জানান, এটি শহিদদের প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা ও রাজনৈতিক সহমর্মিতার বহিঃপ্রকাশ।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা তারেক রহমান শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করছেন তারেক রহমান। তাঁর এই সফর ও কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে। রাজনৈতিক অঙ্গনে এ সফরকে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ