ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের মানুষ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে একটি ভোটগ্রহণ অনুষ্ঠানের জন্য উন্মুখ হয়ে আছে।
তিনি বলেন, পুলিশ বিভাগের পক্ষ থেকে আমরা জনগণকে আহবান জানাই, আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসবেন, উৎসবমুখর পরিবেশে আপনারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আপনাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরে যাবেন। ভোটকেন্দ্রে আসা যাওয়ার পথে অথবা কেন্দ্রের ভেতর কেউ কোন ধরনের অপকর্মের চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিং প্যারেড শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, নেত্রকোণা জেলায় ৫টি সংসদীয় আসনে মোট ৬৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১১০ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডিঅন ক্যামেরা থাকবে। কেন্দ্রে কেউ অপকর্ম করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, নেত্রকোণা জেলায় নির্বাচন উপলক্ষে ১৮৯০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও আনসার,বিজিবি,র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য ম্যাজিষ্ট্রেট মাঠে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন শেরপুর ইন-সার্ভিসিং ট্রেনিং সেন্টার এর পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার।
মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি