সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, গণভোটে দেশের বিভিন্ন অঞ্চলে ভোটারদের রায় স্পষ্টভাবে উঠে এসেছে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা যায়, সারাদেশের অন্তত সাতটি সংসদীয় আসনে ‘না’ ভোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলার তিনটি আসন রয়েছে। বাকি আসনগুলো হলো বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩। সংশ্লিষ্ট মহলের ধারণা, চূড়ান্ত ফল প্রকাশের পর এই সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত নির্বাচন কমিশন–এর ফলাফল শিট অনুযায়ী, বান্দরবানে মোট ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন ভোটারের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি।
চট্টগ্রাম-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি, বিপরীতে ‘না’ ভোট পেয়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি।
রাঙামাটি জেলায় মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি।
খাগড়াছড়িতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন। সেখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং ‘না’ ভোট পেয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি।
এদিকে গোপালগঞ্জ জেলার তিনটি আসনেই ‘না’ ভোট জয়ী হয়েছে। গোপালগঞ্জ-১ আসনে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি, যেখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি।
গোপালগঞ্জ-২ আসনে ‘না’ ভোট পেয়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি এবং ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৩৪ হাজার ৩০১টি।
গোপালগঞ্জ-3 আসনে ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৩৬৮টি, বিপরীতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৩ হাজার ৪৯৮টি।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে বেসরকারি ফলাফলে অধিকাংশ আসনে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন।