🏠︎ » মতামত » শৈলকুপায় সড়কে ট্রাকের চাপায় নিহত বাইসাইকেল চালক

শৈলকুপায় সড়কে ট্রাকের চাপায় নিহত বাইসাইকেল চালক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকচাপায় মুফা মালিথা (২৫) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ২৫ জানুয়ারি সকালে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাবলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুফা শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত তাইজাল মালিথার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মুফা মালিথা বাইসাইকেল নিয়ে ভাটই বাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাবলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ঘাতক ট্রাকটি আটক করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ