🏠︎ » মতামত » রমজান ঘিরে কম দামে মিলছে মাংস, দুধ ও ডিম

রমজান ঘিরে কম দামে মিলছে মাংস, দুধ ও ডিম

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। রমজানজুড়ে সুলভ মূল্যে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ও দুধ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে এই কার্যক্রম পরিচালিত হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রমজানে প্রাণিজ পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বাজারদর স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে গত রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভায় রমজান মাসে দুধ, ডিম ও মাংসের দাম সহনীয় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভা শেষে সিদ্ধান্ত হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের তত্ত্বাবধানে মাসব্যাপী ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। এতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় প্রাণিজ আমিষ সংগ্রহ করতে পারবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন এই কর্মসূচি চলবে। এ সময় ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।

প্রাথমিকভাবে ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ন্যায্যমূল্যের দোকান বসানো হবে। এসব স্থানের মধ্যে রয়েছে ফার্মগেট, মিরপুর, আজিমপুর, নয়াবাজার, উত্তরা, রামপুরা, মতিঝিল, বাড্ডা, বনানী, কামরাঙ্গীরচর, খিলগাঁও, মোহাম্মদপুর, কল্যাণপুর, তেজগাঁও ও পুরান ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা।

এ ছাড়া জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরেও বিভাগীয় ও জেলা শহরগুলোতে স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ দামে প্রাণিজ পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে বিক্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে লাগাম টানতে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে আশার সঞ্চার করেছে

আরও পড়ুন

সর্বশেষ