🏠︎ » বাংলাদেশ » শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগ: ৬ সেনার জানাজায় রাষ্ট্রীয় সম্মান

শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগ: ৬ সেনার জানাজায় রাষ্ট্রীয় সম্মান

শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগ: ৬ সেনার জানাজায় রাষ্ট্রীয় সম্মান

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া ছয় বাংলাদেশি সেনা সদস্যের জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা নামাজ আদায় করা হয়।

সকাল সোয়া ৯টার পর অনুষ্ঠিত জানাজায় শহীদ সেনা সদস্যদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকেও কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান জানানো হয়।

জানাজা শেষে শহীদ সেনা সদস্যদের মরদেহ হেলিকপ্টারের মাধ্যমে নিজ নিজ জেলা ও গ্রামের উদ্দেশে পাঠানো হয়। জানাজার আগে নিহতদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শহীদ ছয় শান্তিরক্ষী হলেন—নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম মরদেহ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দক্ষিণ সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন একটি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। ওই হামলায় আরও নয়জন সেনা সদস্য আহত হন, যারা বর্তমানে চিকিৎসাধীন।

শান্তিরক্ষী হিসেবে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর এই আত্মত্যাগ জাতির জন্য গর্বের ও শোকের—দুয়েরই প্রতীক।

আরও পড়ুন

সর্বশেষ