🏠︎ » বাংলাদেশ » রাজধানী » তরুণ শক্তিকে পাশে নিয়ে চট্টগ্রামে তারেক রহমানের মতবিনিময়

তরুণ শক্তিকে পাশে নিয়ে চট্টগ্রামে তারেক রহমানের মতবিনিময়

আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে নেতৃত্বে আনতে তাদের ভাবনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা শুনছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের অভিজাত রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি সরাসরি তরুণদের সঙ্গে সংলাপে অংশ নেন।

‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই আয়োজনে চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে চারশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তরুণদের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিগত দিকনির্দেশনা তুলে ধরেন তারেক রহমান।

মতবিনিময়কালে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি, নারীর ক্ষমতায়ন, কৃষি আধুনিকীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। পাশাপাশি তরুণ অংশগ্রহণকারীদের কাছ থেকে সরাসরি মতামত গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তারেক রহমান তরুণদের উদ্দেশে বলেন, শুধুমাত্র প্রচলিত চাকরির পেছনে না ছুটে বিকল্প কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার মানসিকতা তৈরি করতে হবে। তিনি উদ্যোক্তা উন্নয়নে নীতিগত সহায়তা ও সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতিও দেন।

এই মতবিনিময় সভাকে তরুণদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন আয়োজকরা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও সরাসরি জাতীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, তরুণদের ভাবনা ও বাস্তব অভিজ্ঞতাকে নীতিনির্ধারণে যুক্ত করার এই ধরনের আয়োজন ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ