🏠︎ » বাংলাদেশ » রাজধানী » ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর জানাজা শনিবার, নজরুলের কবরের পাশে দাফনের সিদ্ধান্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর জানাজা শনিবার, নজরুলের কবরের পাশে দাফনের সিদ্ধান্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শহীদ শরিফ ওসমান হাদীর জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হবে। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, হাদীর মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারের উদ্দেশ্যে রওনা হয়েছে। মরদেহ সেখানে সংরক্ষণের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান নেবেন।

সংগঠনটি জানায়, পরিবারের ইচ্ছা ও আবেদনের প্রেক্ষিতেই হাদীকে জাতীয় কবির কবরের পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে আজকের পরিবর্তে শনিবার জানাজা ও মিছিলসহ মরদেহ কেন্দ্রীয় মসজিদে আনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এদিকে, ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো পক্ষ অনুপ্রবেশ করে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে এবং সহিংসতার সুযোগ সৃষ্টি না হয়। একইসঙ্গে মরদেহ সরাসরি দেখার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে সবাইকে শৃঙ্খলা বজায় রাখা এবং শহীদ শরিফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ছয়টার কিছু আগে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হাদীর মরদেহ ঢাকায় পৌঁছায়। এর আগে সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়। নিরাপত্তাজনিত কারণে সিঙ্গাপুরে নির্ধারিত জানাজা অনুষ্ঠিত হয়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদী। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

সর্বশেষ