বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণেই সাময়িকভাবে চট্টগ্রামের আইভ্যাক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়মিত ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিস অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রও নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৭ ডিসেম্বর দুপুরের পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে পরদিন সকাল থেকে কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় চালু হয়।
চট্টগ্রামের আইভ্যাক বন্ধ থাকায় ভিসা প্রত্যাশী বহু আবেদনকারী সাময়িক ভোগান্তিতে পড়লেও, নিরাপত্তা নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।