ইরানে মার্কিন-ইসরাইলি বাহিনীর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।এই কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উদীচী দুর্গাপুর শাখার সভাপতি শামছুল আলম খান, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, আদিবাসী ইউনিয়ন, নারী সেল ও ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচারে শিশু হত্যা, এমনকি ইরানের সরকারবিরোধী আন্দোলনরত বামপন্থী ও অপরাপর বিরোধী শক্তির অবস্থানসমূহে বোমা হামলা পরিচালনা করে মার্কিন ও ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে।
ইরানে নতুন করে এই সামরিক অভিযান একটি মানবতাবিরোধী, ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী আগ্রাসন।তারা আরো বলেন, পৃথিবী আজ ফ্যাসিবাদ, যুদ্ধ ও পরিবেশ ধ্বংসের এক নতুন যুগে প্রবেশ করেছে। এককেন্দ্রিক বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্য গোটা পৃথিবীকে এমনভাবে গ্রাস করেছে যে বিভিন্ন জাতি ও রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের ধারণা অর্থহীন হয়ে পড়েছে।
মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।