🏠︎ » প্রবাস » লন্ডনে ‘গান ও আড্ডা’র জমকালো বর্ষপূর্তি উদযাপন

লন্ডনে ‘গান ও আড্ডা’র জমকালো বর্ষপূর্তি উদযাপন

পূর্ব লন্ডনের এক স্থানীয় রেস্তোরাঁয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো অনলাইনভিত্তিক বাংলা সংগীত প্ল্যাটফর্ম ‘গান ও আড্ডা’–র প্রথম বর্ষপূর্তি। গত ১৮ নভেম্বর আয়োজিত এই অনুষ্ঠানটি রূপ নেয় সংগীত, আড্ডা আর আনন্দ–উচ্ছ্বাসে ভরা এক মিলনমেলায়। ফেসবুক ও ইউটিউব–নির্ভর এই প্ল্যাটফর্মটি মাত্র এক বছরে দেশ–বিদেশের হাজারো শ্রোতার ভালোবাসা অর্জন করেছে।

লন্ডনের শিল্প–সংস্কৃতি অঙ্গনের তিন ঘনিষ্ঠ সাংস্কৃতিক কর্মী— বিউটি শীল, মিষ্টি তালুকদার ও জে এফ তুলী— যৌথ উদ্যোগে পেইজটি পরিচালনা করেন। শুরু থেকেই বিউটি শীল ও মিষ্টি তালুকদার নিয়মিত সংগীত পরিবেশন করে বাংলা গানের শুদ্ধ ধারাকে সামনে এনেছেন, আর উপস্থাপনায় জে এফ তুলী পেজটিকে সক্রিয় ও দর্শকবান্ধব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বর্ষপূর্তির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিভি উপস্থাপক জে এফ তুলী। প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী বিউটি শীলমিষ্টি তালুকদার। আমন্ত্রিত অতিথি ও অনলাইন দর্শকদের উপস্থিতিতে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনে গান পরিবেশন করেন রানা খান, প্রীতম সাহা, আজিজা সুমি, তন্ময় পাল, সাদমান সাজিদ খানসহ আরও অনেকে। যন্ত্রসংগীতে ছিলেন হাসান আহমেদ, বিধান শীল, সম্রাট মোহাম্মদ ও তন্ময় শীল

অনুষ্ঠানের লাইভ সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন তালাত মাহমুদ গুড্ডু, আর লাইভ টিভি পরিচালনা ও ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার ছিলেন জয়দ্বীপ রায়

ব্রিটিশ–বাংলাদেশি কমিউনিটির নিয়মিত অংশগ্রহণ ও ভালোবাসায় সমৃদ্ধ হয়ে উঠছে ‘গান ও আড্ডা’। লাইভ শো ছাড়াও তারা নিয়মিত আয়োজন করছে মিউজিক্যাল ইভেন্ট, যার মাধ্যমে তরুণ শিল্পীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। বাংলা সংগীতকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে এই প্ল্যাটফর্মটি।

আরও পড়ুন

সর্বশেষ