🏠︎ » খেলাধুলা » ফুটবল » বিশ্বকাপ না জিতলে ধরবেন! অস্ত্রোপচারের আগেই নেইমারের ঘোষণা

বিশ্বকাপ না জিতলে ধরবেন! অস্ত্রোপচারের আগেই নেইমারের ঘোষণা

ব্রাজিল ফুটবলের সুপারস্টার নেইমারের জন্য সময়টা বেশ গুরুত্বপূর্ণ। বাঁ হাঁটুর মেনিসকাসে চোট নিয়ে প্রায় এক মাস ভোগার পর আজ বেলো হরিজন্তেতে অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন তিনি। যদিও চোট নিয়েই সান্তোসকে অবনমন থেকে বাঁচানোর লড়াইয়ে নেমে সফল হয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলের গণমাধ্যম সূত্রে জানা গেছে, নেইমারের অস্ত্রোপচারটি হবে ‘আর্থ্রোস্কোপি’ পদ্ধতিতে। অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে উঠতে সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে বলে ধারণা চিকিৎসকদের। এই প্রক্রিয়ায় তত্ত্বাবধান করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অস্ত্রোপচার পরিচালনা করবেন জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

বর্তমানে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। তবে ক্লাব কর্তৃপক্ষ তাদের ‘ঘরের ছেলে’কে ছাড়তে রাজি নয়। নতুন চুক্তি নবায়নের সম্ভাবনাও জোরালো। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শুরুতেই মাঠে ফেরার আশা নেইমারের।

তবে সবার দৃষ্টি এখন ২০২৬ বিশ্বকাপের দিকে। জাতীয় দলের জার্সিতে নেইমারকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে এসিএল চোটে পড়ার পর থেকেই চোট যেন তার নিত্যসঙ্গী। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—বিশ্বকাপ খেলতে হলে নেইমারকে শতভাগ ফিট হয়ে নিয়মিত খেলতে হবে।

অস্ত্রোপচারের আগেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই নেইমারের। সম্প্রতি এক সংগীতানুষ্ঠানে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে উপস্থিত হয়ে তিনি ২০২৬ বিশ্বকাপ নিয়ে বড় এক প্রতিশ্রুতি দেন। ভক্তদের উদ্দেশে নেইমার বলেন,
“ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে আমরা সবকিছু করব। অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব। না পারলে জুলাইতে আমাকে ধরবেন।”

বিশ্বকাপের আগে ব্রাজিল খেলবে মাত্র দুটি প্রীতি ম্যাচ—মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। ফেব্রুয়ারিতে সুস্থ হয়ে ফিরলে আনচেলত্তির আস্থা অর্জনের জন্য নেইমারের হাতে থাকবে খুব বেশি সময় নয়। বোস্টন ও অরল্যান্ডোর ম্যাচ দুটি হয়ে উঠবে তাঁর জন্য প্রকৃত অগ্নিপরীক্ষা।

এই মৌসুমে ক্লাব ফুটবলে ২৮ ম্যাচে ১১ গোল ও ৪টি অ্যাসিস্ট থাকলেও ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই গেছে। এখন দেখার বিষয়—চোটের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে নেইমার কি আবার সেই পুরোনো জাদুকরি রূপে ফিরতে পারবেন? নাকি বিশ্বকাপের স্বপ্নে আবারও বাধা হয়ে দাঁড়াবে ইনজুরি?

আরও পড়ুন

সর্বশেষ